মোফাজ্জল হোসেন ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫), গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
এ ঘটনায় আরও ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।