বিশেষ প্রতিনিধি (ইন্জিঃমোঃমিজানুর রহমান) :-
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এনসিপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় পদ-পদবি, আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার রাতে উত্তর বাজার এলাকায় উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার এজাহারে তামিম আহমদ অভিযোগ করেন, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। পরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।
জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, সংঘর্ষের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনার বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।