বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ডেমরা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত প্ল্যান ছাড়া এবং কোনো নির্ধারিত জায়গা না ছেড়েই অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ডেমরার ২৩/৪৪/এ ডগাইর মাজার রোড এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি ২.৫ কাঠা জমির ওপর ৭ তলা ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। অভিযোগ অনুযায়ী, রাজউকের নিয়ম তোয়াক্কা না করে কোনো খালি জায়গা না রেখে ঝুঁকিপূর্ণভাবে ভবনটির নির্মাণ কাজ চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটির নির্মাণ কাজ বন্ধ করার জন্য একাধিকবার মৌখিকভাবে অনুরোধ করা সত্ত্বেও অভিযুক্ত মালিক তা মানেননি। এর আগে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ও ম্যাজিস্ট্রেট টিম দু’বার ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের অবৈধ ভবনের বিদ্যুৎ মিটার খুলে নিয়ে গেলেও রহস্যজনক কারণে এই ভবনের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, ভবন মালিক সংশ্লিষ্টদের সাথে সমঝোতা করে অবৈধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৩/৪৫ ডগাইর মাজার রোডের বাসিন্দা মো: শাহজালাল গত ০৪/১১/২০২৪ তারিখে রাজউক চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে লিখিত আবেদন জমা দেওয়ার এতদিন পার হয়ে গেলেও এখনও কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ এই ভবনটির সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।