নিজস্ব প্রতিনিধি: ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের একটি বড় অংশের অন্যতম বাহন লঞ্চ। নিয়মিত যাতায়াতের পাশাপাশি প্রতিবছর ঈদে সদরঘাট থেকে ছেড়ে যায় অসংখ্য লঞ্চ। গত দুই বছর করোনা বিধিনিষেধের কারণে ঈদযাত্রা স্বাভাবিক ছিল না। কিন্তু এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন লঞ্চমালিকরা। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে পুরোনো লঞ্চে রং লাগিয়ে নতুন রূপ দেওয়া হচ্ছে। চলছে শেষ মুহূর্তের ঝালাই কাজ। এর মধ্যে ফিটনেসবিহীন লঞ্চও রয়েছে বলে জানা গেছে। এসব কাজে ডকইয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
রাজধানীর কেরানীগঞ্জের লাকী ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস-এ দাঁড়িয়ে আছে ঢাকা-গৌরনদী রুটের এম ভি মানসী। পুরোনো এই লঞ্চ মেরামতে কাজ করছেন প্রায় ১৫ জন শ্রমিক। তারা এটিকে ঝালাই করে রং লাগিয়ে সংস্কার করছেন। দেখা যায়, কয়েকজন শ্রমিক লঞ্চের প্লেটের যেসব জায়গায় মরিচা ধরে পাতলা হয়ে গেছে, সেগুলো ঝালাই করছেন।
সরেজমিনে দেখা যায়, এভাবে কেরানীগঞ্জের তেলঘাট থেকে মীরবাগ পর্যন্ত ডকইয়ার্ডগুলোতে ঘাটে বসে থাকা ফিটনেসবিহীন ও পুরোনো লঞ্চ এনে রঙ ও সংস্কার করছেন মালিকরা। এছাড়াও বাহাদুর শাহ ডকইয়ার্ডে এম ভি ফারহান-২, এমভি রাজহংস-৭, এমভি জামাল-৯ লঞ্চ সংস্কারের কাজ চলছে। মূলত অবকাঠামোগত ভিত্তি মজবুত না করেই যাত্রীদের আকর্ষণ বাড়ানোর জন্য শুধু রং লাগিয়ে সংস্কার করছেন তারা।